জামালপুরের সরিষাবাড়ীতে র্যাব-১৪’র অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৭০ হাজার টাকা।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক আল আমিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বালোবাড়ি গ্রামের মারফত আলীর ছেলে। আজ শুক্রবার (২২ মে, ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে জেসিও নায়েব সুবেদারের নেতৃত্বে আল আমিনকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক আল আমিনকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম আদালতে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানালে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, আল আমিন একজন পেশাদার ও আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা রয়েছে।
জেএইচআর