নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মাগুরা পৌরসভার মূল ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা, মাগুরা শাখা।
‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিটি বিকেল ৫টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকার মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে মাগুরার আলোচিত আছিয়া ধর্ষণ মামলার বিচার দীর্ঘ সময় পরও সম্পন্ন না হওয়ায় গভীর হতাশা ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। রাষ্ট্রীয় আইনের ফাঁকফোকর ও বিচারের দীর্ঘসূত্রতার কারণেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। সমাজে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ উপহার দিতে হলে এসব জঘন্য অপরাধের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শম্পা বসুসহ বন্ধুসভার সদস্যবৃন্দ এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
জেএইচআর