ঠাকুরগাঁওয়ে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারানুন নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতে খায়রুল ইসলাম শিশুটির হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশু তারানুন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মরিচাগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ মে হামজনিত উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হয় শিশুটি। এরপর গত ২২ মে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতে খায়রুল ইসলাম বলেন, “শিশুটি আগেও একবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সে সময় সুস্থ হয়ে তারা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে যায়। কিন্তু হঠাৎ আবারও তীব্র উপসর্গ নিয়ে সে ভর্তি হয়। আমরা তার নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য ঢাকায় পাঠিয়েছিলাম। আজ ল্যাবের রিপোর্টে তার শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, চিকিৎসায় কোনো কমতি রাখা হয়নি।”
হাসপাতালের দেওয়া তথ্য মতে, জেলায় হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে ১১০ জন রোগী হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোট ১২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮ জনের শরীরে আনুষ্ঠানিকভাবে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
জেএইচআর