পিরোজপুরের নাজিরপুরে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সেখানে থাকা খাদ্যপণ্য জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। এ সময় নাজিরপুর থানা পুলিশের এএসআই রাজীবের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর এলাকায় অবস্থিত তৌহিদ বেকারিটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। একটি বেকারি কারখানা পরিচালনার জন্য বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন অনুমোদন প্রয়োজন হয়।
কিন্তু ওই বেকারিতে এসব অনুমোদন ছিল না। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগও পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সব খাদ্যপণ্য জব্দ করা হয়। পরে বাকি মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।
বেকারির ভেতরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। মেঝেতে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে ছিল, ব্যবহৃত তেল ও খাদ্য তৈরির সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি মানারও কোনো লক্ষণ দেখা যায়নি। খোলা হাতে এবং কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এম জি