স্বল্প খরচে দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালত ব্যবহারের আহ্বান

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৩:১৭ পিএম

গ্রামীণ পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। 

রোববার সকাল ১০টায় “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সন্দ্বীপ উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. মহিউদ্দিন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, নারী প্রগতি সংঘের অঞ্চল প্রধান শামসুদ্দিন, ইফসার ব্যবস্থাপক হুমায়ুন কবির, নিজেরা করি’র অঞ্চল প্রধান এরফান আলী, ডিবিসি এনজিওর ম্যানেজার হারুনুর রশীদ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব কামরুল হাসান, সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, সারিকাইত ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাবেদ হোসেন, বাউরিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালাপানিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা জিল্লুর রহমান, গ্রাম আদালত সহকারী মজিবুর রহমান, নকিবুল হাসান, শামীমা আক্তার, খুরশিদ আলমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও কার্যকর বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে আদালতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার মাধ্যমে মানুষ অল্প সময়ে ও স্বল্প খরচে বিচারসেবা পাচ্ছেন। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে আদালতকেন্দ্রিক দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয়ও কমছে।

তারা আরও বলেন, অনেক মানুষ এখনও গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। ফলে এর সুফল থেকেও অনেকেই বঞ্চিত হচ্ছেন। এ কারণে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রচারণা জোরদার এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

এএন