প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এমন গরমে সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। প্রচণ্ড গরমের মধ্যেও যেসব খেটে খাওয়া ও সাধারণ মানুষ কাজের তাগিদে বাইরে বের হয়েছেন এবং পৌরসভার সর্বস্তরের মানুষের তৃষ্ণা নিবারণে শরবত বিতরণ করছেন গোয়ালন্দ পৌর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ওমান প্রবাসী ও পৌরসভার মেয়র পদপ্রার্থী গণঅধিকার পরিষদের নেতা মো. জাহাঙ্গীর খান।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ডে পৌরসভার সর্বস্তরের চলাচলরত পথচারী, রিকশা, অটো, মাহিন্দ্রা, ভ্যান ও নছিমন চালকদের মধ্যে এ শরবত বিতরণ করা হয়।
এমন উদ্যোগে কয়েকজন পথচারী বলেন, বেশ কয়েকদিন যাবৎ প্রচণ্ড তাপমাত্রায় ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে। কাজের তাগিদে তবুও ঘর থেকে বের হতে হয়েছে। এমতাবস্থায় কিছুক্ষণ কাজ করার পরই গরমে গলা শুকিয়ে আসছে। এমন সময় জাহাঙ্গীর খানের উদ্যোগে শরবত বিতরণ প্রশংসার দাবি রাখে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা বাড়ি থেকে শরবত তৈরি করে বড় পাতিলে ভ্যানে করে এনে জগ ভর্তি করে গ্লাসে গ্লাসে বিতরণ করছেন।
কার্যক্রমে এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহীন আলম, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদ দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. সোহাগ সরদার প্রমুখসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহীন আলম বলেন, দেশে চলমান তাপমাত্রা ও ভ্যাপসা গরমে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খান এমন উদ্যোগ নিয়েছেন। আমাদের এই উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে।
এএন