আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মহানগর এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আগামী ২৫ মে সন্ধ্যা ৬টা থেকে ৩১ মে সকাল ৬টা পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে।
শনিবার আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯(১) এর (ক), ২৯(১) এর (খ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
এছাড়া আতশবাজি ও পটকা ফুটানো, বাইক রেসিং, ডিজে পার্টি, লাউডস্পিকার ব্যবহার এবং বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএমপি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এএন