ভোলায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

মো. মাকসুদুর রহমান, ভোলা প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৪:৩৭ পিএম

ভোলায় ইসলামী ব্যাংক পিএলসির গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, এএমডি কামাল উদ্দিন জসীমের বহিষ্কার এবং সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি পালন করেন গ্রাহকরা।

রোববার সকাল ১১টায় ভোলা মেইন ব্রাঞ্চের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক খানকে পুনর্বহাল করা জরুরি। একই সঙ্গে ব্যাংকের পরিবেশ নষ্ট ও অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির অভিযোগ তুলে এএমডি কামাল উদ্দিন জসীমের বহিষ্কারের দাবি জানান তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অব্যাহত হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ প্রয়োজন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “বিগত সময়ে এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাট হয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তির সৃষ্টি হয়েছিল। আমরা চাই না আবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হোক। ইসলামী ব্যাংকের সুনাম ও স্বকীয়তা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের লাখো মানুষের আস্থা ও আমানতের জায়গা ইসলামী ব্যাংক। এ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনৈতিক খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই ব্যাংককে রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত রেখে স্বাভাবিক গতিতে পরিচালনার সুযোগ দিতে হবে।”

মানববন্ধন শেষে গ্রাহকরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন।

এএন