জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুজনের প্রাণ গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। গত রোববার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এই ঘটনা ঘটে। তাঁদের মধ্যে সোমবার রাতে একজন মারা যান।
নিহতরা হলেন- সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।
স্থানীয়দের বরাতে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গত রোববার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে স্থানীয় এক ব্যক্তি কয়েকটি মহিষ বিক্রির জন্য নিয়ে আসেন। এরপর হঠাৎ দুটি মহিষ বিগড়ে গিয়ে হাটে আসা লোকজনের ওপর আক্রমণ করে।
তিনি আরও জানান, এতে অন্তত ছয়জন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে রুহুল আমিনের মৃত্যু হয়। আর সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান মারা যান। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
জেএইচআর