পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ও টিকাপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের স্থানগুলো ঘুরে দেখেন এবং শেষ সময়ের প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন তিনি।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদগাহসহ মোট ছয়টি ঈদগাহে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সিটি কর্পোরেশনকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন করা হবে। এ কাজে আমি নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
রাসিক প্রশাসক উল্লেখ করেন, প্রধানমন্ত্রী রাসিকের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা দিয়েছেন। এটি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাঁদের পরিশ্রমের স্বীকৃতি, যা কাজে বাড়তি উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। গতকাল সোমবার এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়া মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
জেএইচআর