সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদুল আজহা উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০১:৫৬ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে কয়েকটি গ্রামের ২১ জন মুসল্লি। দেশের প্রচলিত নিয়মানুসারে এলাকার একদিন আগেই ঈদ পালন করায় স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ার ব্যক্তিমালিকানাধীন একটি ভবনের ছাদে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ।

আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টির মধ্যেই গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হেঁটে, বাইসাইকেল ও মোটরসাইকেলে করে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হন মুসল্লিরা। পরে তারা একটি ভবনের ছাদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

ঈদের জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিশুসহ ২০-২১ জন মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা যথানিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতেই আজ সকালে এখানে এসেছি। সবাই মিলে ঈদুল আজহার নামাজ আদায় করেছি। এভাবেই ১৬ বছর ধরে আমরা ঈদের নামাজ পড়ে আসছি।

পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের ইউনুস সরকার (৬৫) বলেন, আমাদের গ্রামের ৫-৬টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। নামাজ শেষে দুটি পশু কোরবানি করা হবে।

এএন