পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুটি থেকে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে, যা এক দিনে আদায়কৃত টোলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
বুধবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগের দিন মঙ্গলবার সেতু থেকে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ৩০ হাজার ৯৪টি যানবাহন। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে চলাচল করেছে ১৫ হাজার ৫৮০টি যানবাহন। ওই প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।
এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড গড়ে। সেদিন ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারের মাধ্যমে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল সংগ্রহ করা হয়েছিল।
বর্তমানে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য নির্ধারিত টোল ব্যবস্থার মাধ্যমে সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের এই গুরুত্বপূর্ণ সেতুতে গত কয়েক দিন ধরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।
তবে মাওয়া ও জাজিরা-দুই প্রান্তের টোল প্লাজায় আরএফআইডি কার্ডভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু থাকায় যানবাহন দ্রুত পারাপার করতে পারছে এবং ভোগান্তিও কম হচ্ছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, সেতুতে যান চলাচলে কোনো ধরনের জটিলতা না থাকায় এবার এই পথে যাত্রী সংখ্যা বেড়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ার পর যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেয়েছে।
এম জি