তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এবার এমন এক প্রেক্ষাপটে আমরা ঈদুল আজহা উদ্যাপন করছি যখন বিশ্বের নানান জায়গায় সংকট চলছে। আমাদের দেশে নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশবাসীর কাছে আমরা ঈদের দিন দোয়া কামনা করি।
বৃহস্পতিবার সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, এই উৎসবের মধ্য দিয়ে মূলত ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কীভাবে সর্বদা প্রস্তুত থাকতে হয়, প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই ধর্মীয় ও মানবিক মূল্যবোধকেই নতুন করে জাগ্রত করা হয়৷
ঈদের নামাজ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলা শেষে তিনি উপস্থিত সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর