ইএসডিও’র উদ্যোগে বোতলাগাড়ীতে কোরবানির গোশত বিতরণ

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৪:৪৫ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ১২৫টি দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির গরুর গোশত বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।

মুসলিম এইড ইউকের সহায়তায় এবং ইএসডিও’র বাস্তবায়নে “বাংলাদেশ কুরবানি প্রোগ্রাম ২০২৬”-এর আওতায় বৃহস্পতিবার এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৪ কেজি করে গরুর গোশত প্রদান করা হয়, যাতে প্রান্তিক জনগোষ্ঠীও ঈদের আনন্দে অংশ নিতে পারে।

বিতরণ অনুষ্ঠানে ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুসলিম এইড বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবসেবা। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ধর্মীয় উৎসবের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের সব শ্রেণির মানুষ এতে অংশ নিতে পারে।

উপকারভোগী এক নারী আবেগাপ্লুত হয়ে বলেন, “বাপ, গোশতের যে দাম, হামার মতো মানুষ গোশত খাবে কেমনে? মেলা দিন গোশত খাবার পাই নাই বাবা, আইজ সবাই মিলে এই গোশত খামো।”

স্থানীয়দের মতে, ঈদুল আজহা ত্যাগ ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সেই শিক্ষাকে বাস্তবে রূপ দিতে সরকারি-বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের আরও বেশি এগিয়ে আসা উচিত। এ ধরনের উদ্যোগ প্রান্তিক মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএন