মাগুরায় হারপিক পান করে যুবকের আত্মহত্যার চেষ্টা

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১২:৩৯ পিএম

মাগুরার সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টার ঘটনায় সাগর (২০) নামে এক যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) রাত আনুমানিক ১১টার দিকে মাগুরা সদর উপজেলার ১২ নম্বর কুচিয়ামোড়া ইউনিয়নের পারপলিতা স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। সাগর একই ইউনিয়নের বলকগ্রাম এলাকার হারুনের ছেলে। তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, অজ্ঞাত কারণে সাগর তার নিজ হেফাজতে থাকা হারপিক পান করেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে শনিবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সেখানে নিয়ে যান।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।

মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএন