দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, আহত ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২৬, ১১:৩৯ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে মো. ফুরকান কসাই (৫৫), হাজেদ্দিনের ছেলে মো. এছেম (৫০) এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজ (৪৮)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বিএনপি কার্যালয়ে মুনতাজের কয়েকজন কর্মী-সমর্থক অবস্থান করছিলেন। এ সময় ৮-১০ জন ব্যক্তি হঠাৎ অফিস লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে বলে অভিযোগ রয়েছে। বিস্ফোরণে তিনজন আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান জহুরুল হক বলেন, “এ ঘটনার সঙ্গে আমার বা আমার সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

অন্যদিকে, ঘটনার পর মুনতাজের বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএন