চুয়াডাঙ্গায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে চার মোটরসাইকেল আরোহীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
রোববার সাইলেন্সারবিহীন ও পরিবর্তিত (মডিফাই) মোটরসাইকেল ব্যবহার, বিকট শব্দে শব্দদূষণ সৃষ্টি এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়। ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে শতাধিক সমর্থক এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে সমবেত হয়। পরে সরকারি কলেজ মোড়, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এলাকা ও হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।
এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেন। এই সময় কয়েকটি মোটরসাইকেলে পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি করা হচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
দায়িত্ব পালনরত চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট রিয়াজুল ইসলাম জানান, ব্রাজিল সমর্থকদের র্যালিতে কিছু মোটরসাইকেলে উচ্চ শব্দের সাইলেন্সার ব্যবহার করে তীব্র শব্দদূষণ করা হচ্ছিল। জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের নির্দেশনায় ওই চার মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বিস্তারিত উল্লেখ করেন, দুটি মোটরসাইকেলে সাইলেন্সার পাইপ না থাকা ও যানবাহন অবৈধভাবে মডিফাই করার কারণে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮৪ ধারা অনুযায়ী একটি মামলায় ১৫ হাজার টাকা এবং অন্যটিতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও দুটি মোটরসাইকেলে রেজিস্ট্রেশন না থাকা, পরিবর্তিত লুকিং গ্লাস এবং সাইলেন্সার পাইপবিহীন অবস্থায় চলাচলের দায়ে প্রতিটিকে ২৭ হাজার ৫০০ টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আমিরুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চারটি মোটরসাইকেলে শব্দদূষণ সৃষ্টিকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করার কারণে সেগুলো জব্দ করে থানায় আনা হয়েছে এবং মালিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হতে বলা হয়েছে। অনুমোদিত সাইলেন্সার সংযুক্ত করে বৈধ কাগজপত্র প্রদর্শনের পরই কেবল মোটরসাইকেলগুলো ফেরত দেওয়া হবে।
অন্যদিকে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থকেরা জানান, বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি করতেই মূলত এই আয়োজন করা হয়েছে।
জেএইচআর