ড. জিয়া উদ্দিন হায়দার

আমরা অতীতের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৬:৫৭ পিএম

বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়া উদ্দিন হায়দার।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বরিশাল নগরীর আমানতগঞ্জে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনকালে তিনি এর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল রয়েছে, যেগুলো অনেক আগেই চালু হওয়ার কথা ছিল। বিগত সরকার অবকাঠামো নির্মাণে যতটা যত্নবান ছিল, হাসপাতালগুলো ব্যবহার করে মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে ততটাই গাফিলতি ছিল। আমরা অতীতের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।

তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগীয় শহরগুলোর এই ছয়টি হাসপাতাল অনতিবিলম্বে চালু করার নির্দেশনা দিয়েছেন এবং সেই লক্ষ্যে ইতোমধ্যে কাজ চলছে।

ড. জিয়া উদ্দিন হায়দার আরও বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটি চালুর জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছেন। এটি পূর্ণাঙ্গভাবে চালু করতে কী কী বিভাগ থাকবে, কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হবে, কতজন জনবল প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই পদ্ধতি অনুসরণ করে অন্য বিভাগের শিশু হাসপাতালগুলোও পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে আগামী আগস্ট মাসের শুরুতে হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর