মানিকগঞ্জের ঘিওরে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঘিওর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় সংলগ্ন বাস স্টেশন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবীর বলেন, মাদক এবং ইভটিজিং আমাদের যুবসমাজ ও সামাজিক শান্তি ধ্বংস করছে। একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সাধারণ জনগণের পাশে থেকে এই সামাজিক ব্যাধি চিরতরে নির্মূল করতে চাই।
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করে ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, পুলিশ অপরাধীদের দমনে সর্বদা প্রস্তুত। তবে অপরাধীদের আইনি প্রক্রিয়ায় শাস্তি দিতে সাধারণ মানুষের সহযোগিতা ও সঠিক সময়ে সাক্ষী দেওয়া জরুরি। ঘিওরকে মাদক ও ইভটিজিং মুক্ত করতে পুলিশ ও জনগণের যৌথ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
জেএইচআর