কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে ১৯ রানে চিলমারী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতিকে পরাজিত করে বিজয়ী হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা।
সোমবার সকালে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
উক্ত খেলায় কুড়িগ্রাম শিক্ষক সমিতির সভাপতি সায়েম আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে সমিতির সদস্য সচিব আব্দুল মুমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সদর সমিতির সভাপতি আরিফুর রহমান রুবেল এবং চিলমারী সমিতির সভাপতি এখতাখার উদ্দিন রাখি।
খেলায় টসে জিতে কুড়িগ্রাম সদর উপজেলা প্রথমে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঈদুল ইসলাম মিঠু সর্বোচ্চ ৩৪ রান করেন।
১৫৭ রানের জবাবে চিলমারী উপজেলা ব্যাটিংয়ে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায়। খেলায় অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুড়িগ্রাম সদর উপজেলার পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক তাজমুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে দুই উপজেলার শতাধিক শিক্ষকসহ স্থানীয় ক্রিকেটপ্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
জেএইচআর