কুমিল্লা চৌদ্দগ্রামে হত্যা মামলায় আবু তাহের আটক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২৬, ১০:৫৭ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক বিরোধী বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি আবু তাহের (৪৫)কে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে পৌরসভার রামরায়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন।

আবু তাহের ওই এলাকার মৃত আবদুল বারেক মিয়ার ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষেরই একাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর একজনের মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরপরই কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে, যেখানে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আবু তাহেরসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয় বলে পুলিশ জানায়।

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তাহেরকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

এএন