চাঁদপুরে অনুমোদনহীন ও ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের স্বর্ণখোলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে হাসান এন্টারপ্রাইজের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালীন জব্দকৃত মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন ক্ষতিকর শিশু খাদ্যগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। একই সাথে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের একটি দল এবং ক্যাব জেলা কমিটির সদস্য মো. বিপ্লব সরকার এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
জেএইচআর