তোফায়েল আহমেদের জানাজা ঘিরে উত্তেজনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৩:০২ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজাকে কেন্দ্র করে ভোলার স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। 

মঙ্গলবার ভোর থেকেই ভোলা সরকারি স্কুল মাঠে জানাজার প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হলেও সাধারণ মুসল্লি ও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সোয়া ২টা পেরিয়ে গেলেও তার মরদেহ মাঠে এসে পৌঁছায়নি।

আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বাধার কারণেই মরদেহ মাঠে আনতে দেরি হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা চলায় জানাজার নামাজ কিছুটা বিলম্বে শুরু হতে পারে।

এদিকে, দুপুরের আগেই সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটুর নেতৃত্বে একদল নেতাকর্মী জানাজাস্থলে এসে এটি করতে না দেওয়ার ঘোষণা দেন। তারা পুলিশকে সাফ জানিয়ে দেন, জানাজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা রাজনৈতিক স্লোগান দেওয়া হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অবশ্য পরবর্তীতে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ঘটনাস্থলে এসে যুবদলের নেতাকর্মীদের বুঝিয়ে মাঠ থেকে নিয়ে যান।

জানাজা ঘিরে এমন উত্তেজনার পেছনে ২০২২ সালের একটি ঘটনার ক্ষোভ কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু বলেন, ২০২২ সালে গ্যাস ও বিদ্যুতের দাবিতে বিএনপির আন্দোলনের সময় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরে আলম নিহত হয়েছিলেন। সে সময় তার জানাজা এই সরকারি স্কুল মাঠে করতে দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার ও প্রশাসন। পরবর্তীতে জাতীয় সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ নুরে আলমের হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করেছিলেন।

একই সুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, আমাদের সাবেক সভাপতি নুরে আলমের জানাজা করতে দেয়নি এখন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। আমরা জানাজার গেটে অবস্থান নিয়েছি। কোনো ধরনের উসকানিমূলক স্লোগান বা রাজনৈতিক শোডাউন দিলে তা প্রতিহত করা হবে।

পরিস্থিতি শান্ত রাখতে এবং জানাজা সফলভাবে সম্পন্ন করতে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছে স্থানীয় আওয়ামী লীগ। ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাহালুল মোল্লা বলেন, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা বিএনপিসহ সব দলের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি। তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে জানাজাস্থলের দিকে আসছেন।

এএন