কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০), কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮) এবং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুস সাত্তার (৫৫)।
জানা যায়, মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ৯টার দিকে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের মধূয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশিক ও রাসেলকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত ইয়াসিন নামের অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে একই দিন সন্ধ্যায় কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা-দ্বাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন ব্রিজের গর্তে মোটরসাইকেল পড়ে গিয়ে আব্দুস সাত্তার নামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ব্রিজ এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যাপ্ত সতর্কতামূলক লাল পতাকা বা কোনো সাইনবোর্ড দেওয়া হয়নি। ফলে সন্ধ্যার অন্ধকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ব্রিজের গর্তে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুই তরুণকে চিকিৎসক সেখানে মৃত ঘোষণা করেন। মরদেহ সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া নেওয়া হবে। দুর্ঘটনার শিকার যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
এএন