রাজবাড়ীতে সাপের কামড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:৩১ এএম

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পশ্চিম ভবদিয়া এলাকায় সাপের কামড়ে আদিবা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আদিবা ওই এলাকার আমির শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে বাড়িতে ফিরিয়ে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মণ্ডল সুজন বলেন, “শুনেছি পশ্চিম ভবদিয়া এলাকার একটি শিশু সাপের কামড়ে মারা গেছে। পরিবারের লোকজন প্রথমে তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানোর পরামর্শ দেন। তবে ফরিদপুরে নেওয়ার পথে রাজবাড়ী শহরের রাস্তার মোড়ে পৌঁছালে আদিবার মৃত্যু হয়।”

এএন