ফেনীর দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়নে সম্ভাবনার নতুন দিগন্ত

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০১:৪৩ পিএম

ফেনীর দক্ষিণাঞ্চলে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে, যা এই অঞ্চলের অর্থনীতি, পর্যটন এবং জীবনযাত্রায় এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে ফেনী-সোনাগাজী-মুহুরী প্রজেক্ট আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ।

প্রকল্পটির কাজ শেষ হলে জেলার দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ শুরু হয়। ২০২৮ সালের জানুয়ারি মাসে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। ৩৪ ফুট প্রশস্ত ও স্ট্যান্ডার্ড-২ লেন এই সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ এবং মাটি ভরাটের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া সড়কের ওপর থাকা ২০টি পুরনো ও সরু কালভার্ট ভেঙে নতুন করে প্রশস্ত কালভার্ট নির্মাণ করা হচ্ছে।

সোনাগাজী থেকে ফেনী শহরের দাউদপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নির্মাণ কাজ যৌথভাবে পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরনবী ও মোস্তফা জামান (প্রা.) লিমিটেড।

নির্মাণ কাজের ঠিকাদার মো. নুর নবী জানান, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ চলছে। ইতোমধ্যে রাস্তার ওপর পুরাতন কালভার্টগুলো ভেঙে নতুনভাবে ২০টি কালভার্ট নির্মাণের কাজও চলছে পুরোদমে।

শিডিউল মোতাবেক কাজের গুণগত মান ঠিক রেখে সড়কের সকল কাজ করার চেষ্টা করছি। আমরা আশা করছি, এ প্রকল্পটি সুষ্ঠু ও সফলভাবে সমাপ্ত হলে ফেনীর দক্ষিণাঞ্চলের সড়কপথে যাতায়াতের চেহারাও পাল্টে যাবে। এ ক্ষেত্রে তিনি সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কটি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোনাগাজী শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনে এই সড়ক একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এটি নির্মিত হলে যানজট নিরসনের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ ও সহজতর হবে।

এএন