মাগুরায় নতুন জেলা প্রশাসকের যোগদান, জনসেবা ও সুশাসনে নতুন প্রত্যয়

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০২:৫৭ পিএম

মাগুরা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উন্নয়ন, সুশাসন এবং জনসেবার মান আরও এগিয়ে নিতে নবনিযুক্ত জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় উপস্থিতদের উদ্দেশে মোতাকাব্বীর আহমেদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, জনসেবার মানোন্নয়নই হবে প্রশাসনের প্রধান অগ্রাধিকার। সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁর নেতৃত্বে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সেবার মানোন্নয়নে তাঁর নেতৃত্বে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এম জি