গোপালগঞ্জের মুকসুদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। একই সময় পেছন দিক থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে এসে বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে উভয় বাসের একাধিক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমিতাভ হাওলাদার (৪২), অমলেন্দু হাওলাদারের ছেলে এবং শেরপুর জেলার কালাম (৩০), আব্দুস সামাদের সন্তান।
আরও একজন আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এম জি