জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু (৩৫) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
সোমবার উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমানের সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে বলে জানা গেছে। নেশার টাকা জোগাড় করতে গিয়েই তিনি এ চুরির ঘটনা ঘটান বলে স্থানীয়রা অভিযোগ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমানের সেচ পাম্প এলাকায় মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিস্টারের সেচ পাম্পের জন্য টাঙানো সার্ভিস তার রোববার গভীর রাতে নিপু চুরি করতে যান।
এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয় পথচারীরা মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএন