মাগুরায় যোগদানের পরই জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:৩৮ পিএম

মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই জেলার প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। 

তারই অংশ হিসেবে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। সভায় উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. শামীম কবির, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট, জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করা, সেবাগ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণ করা এবং দাপ্তরিক কাজে কোনো ধরনের অনৈতিক লেনদেন বা দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, একটি জেলার উন্নয়ন কেবল অবকাঠামোগত অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ গুরুত্ব পায় স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন। 

জেলা প্রশাসক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সরকারি হাসপাতালগুলোর সেবার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন, জনভোগান্তি নিরসন এবং নাগরিক সেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভায় মাগুরা ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ, মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল, মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জেলা প্রশাসকের নজরে আনেন। সংশ্লিষ্টদের মতে, দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা খাত এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের এক প্ল্যাটফর্মে এনে মতবিনিময়ের এ উদ্যোগ প্রশাসনের কার্যক্রমকে আরও সমন্বিত ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। নবনিযুক্ত জেলা প্রশাসকের এ উদ্যোগ মাগুরার প্রশাসনিক অঙ্গনে ইতিবাচক প্রত্যাশার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এএন