কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত ৫ জুনের ওই অগ্নিকাণ্ডে ১০৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার বিকেলে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। প্রতিজন দোকানদারকে ৫ হাজার টাকা করে চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এসময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দসহ ক্ষতিগ্রস্ত দোকানদাররা।
চেক বিতরণ শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
এম জি