বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।
মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহত উভয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি বলেন, রাতের ঘটনার বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এম জি