মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সংবাদপত্রবাহী ট্রাকচালক নিহত, আহত ৪

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:৪৬ পিএম

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম খান (৫৪) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্বী এলাকার মৃত আব্দুল সাত্তার খানের ছেলে। তিনি সংবাদপত্র বহনকারী ট্রাকটির চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে রাজধানী ঢাকা থেকে সংবাদপত্র নিয়ে একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকালের দিকে ট্রাকটি ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবু নাঈম খানের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ এবং আহত চারজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক দুটি সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএইচআর