খন্দকার মাসুক

সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে 

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:৩০ পিএম

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেছেন, আপনারা সমাজের আয়না, আমরা যেমন নিজেদের মুখমণ্ডল আয়নার মাধ্যমে দেখি, তেমনি আপনাদের লেখনীর মাধ্যমে দুষ্টের দমন করতে হবে। সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে। তারা যেকোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাহসিকতা প্রশংসনীয়। ভবিষ্যতেও তারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

খন্দকার মাসুক বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বিষয়ে কোনো কিছু শোনলে আমাকে জিজ্ঞেস করবেন। আমি যদি উত্তর না দিতে পারি, সেক্ষেত্রে আপনারা যা লিখবেন আমি স্বাগত জানাবো। আমি মনে করি, আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে পরিচালিত করবে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম আর মর্তুজা, বেলাল রিজভী, এস আর শফিক স্বপন, ফরিদ উদ্দিন মুপ্তিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এম জি