চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১১ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭(১) অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ এক বছর গণনা করা হবে। নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে সিডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. নুরুল করিম। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেছিলেন।
এম জি