জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাব মোকাবিলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারের ঘোষিত পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের অংশ হিসেবে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই সবুজায়ন উদ্যোগের আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ সোনা, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘুঘু, কৃষক দলের বাগাতিপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব এবং ছাত্রদল নেতা কেএম তারেকুজ্জামান সম্রাট।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আত্থাফুন নেছা বলেন, গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, গাছকে পরিচর্যা করে বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তার দায়িত্ব নেয়, তাহলে অদূর ভবিষ্যতে দেশজুড়ে এক বিশাল সবুজ বেষ্টনী গড়ে উঠবে।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি একটি উৎসবে পরিণত হয়। স্থানীয়রা জানান, বিদ্যালয়ভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে দারুণ ভূমিকা রাখবে।
জেএইচআর