জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া ১৪ মাস বয়সী এক কন্যাসন্তানকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বেলা ১১টায় বরিশাল থেকে এক নারী তাঁর ১৪ মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে ‘এমভি কর্ণফুলী-১০’ লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর দেড়টার দিকে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় পৌঁছালে হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং সে সংকটাপন্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে শিশুটির মা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তার আবেদন জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম অতি দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছায়। তারা তাৎক্ষণিকভাবে অসুস্থ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিজস্ব গাড়ি যোগে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কোস্ট গার্ডের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে শিশুটির পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
জেএইচআর