বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তিনি আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করবেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও একই তথ্য নিশ্চিত করে জানান, মুফতি আমির হামজা দুপুরে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করবেন।
এর আগে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা করা হয়। মামলার পর আদালত সমন জারি করে তাঁকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে লম্বা সময় আদালতে উপস্থিত না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এএন