কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় লাইসেন্স ছাড়া মাংস বিক্রি ও দোকানে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ মাংস বিক্রেতাকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীনভাবে মাংস বিক্রি, পশু জবাইয়ের পূর্বে চিকিৎসকের প্রত্যয়নপত্র না নেওয়া এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন মওদুদ আহমেদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
এদিকে অভিযানের পর বাজারের অন্য ব্যবসায়ীদেরও দ্রুত যথাযথ লাইসেন্স সংগ্রহ করা, স্বাস্থ্যবিধি মেনে মাংস বিক্রি এবং ক্রেতাদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জেএইচআর