বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে দুটি নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। গত রবিবার (১৪ জুন, ২০২৬) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন গঠিত ইউনিয়ন দুটি হলো- সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন। প্রতিমন্ত্রীর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নামে ‘সীমান্ত’ এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামে ‘দিগন্ত’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এছাড়া শিবগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামানুসারে ‘মীরবাড়ি’ নামে আরও একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে।
গেজেট সূত্রে জানা গেছে, প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম, সীমান্ত ও দিগন্ত নামে তিনটি নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বর্তমানে মোকামতলা পৌরসভা গঠনের কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে। পৌরসভা কার্যকর হলে এই উপজেলায় মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থাকবে।
প্রশাসনিক বিন্যাস অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ‘স্বর্ণগ্রাম’, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে ‘সীমান্ত’ এবং দেউলী ইউনিয়ন থেকে পৃথক করে ‘দিগন্ত’ ইউনিয়ন গঠন করা হয়েছে। এর মধ্যে স্বর্ণগ্রামের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন, সীমান্তের ১৬ হাজার ২৬৭ জন এবং দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন। পাশাপাশি অবশিষ্ট মৌজাগুলো নিয়ে পুরনো ইউনিয়নগুলো পুনর্গঠন করা হয়েছে।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অংশ নিয়ে ‘মীরবাড়ি’ ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। এটি মূলত প্রতিমন্ত্রীর বেতগাড়ি গ্রামে অবস্থিত পৈতৃক বাড়ির নাম। ১৫টি মৌজা নিয়ে গঠিত এই নতুন ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন। নতুন ইউনিয়ন গঠনের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়নের সীমানাও পুনর্গঠন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যেই এই নতুন ইউনিয়ন গঠন ও পুনর্গঠনের কাজ করা হয়েছে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষ আরও সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।
জেএইচআর