গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মমতাজ হত্যা মামলার প্রধান আসামি প্রভাষ কিসকোকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোবিন্দগঞ্জ উপজেলার ভুতগাড়ী গ্রামের বাসিন্দা প্রভাষ কিসকোর সঙ্গে মমতাজ আলীর পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে গত ৫ জুন জুমার নামাজ শেষে রাস্তার পাশে এক চায়ের দোকানে মমতাজ আলী চা পান করছিলেন। সেই সুযোগে প্রভাষ কিসকো পেছন থেকে বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।
পরে স্থানীয় লোকজন মমতাজ আলীকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ আলীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছোট ভাই মো. আবু সাঈদ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে আসামি প্রভাষ কিসকো এলাকা ছেড়ে গা-ঢাকা দেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার প্রভাষ কিসকো ভুতগাড়ী গ্রামের মৃত খারিয়া কিসকোর ছেলে।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর