মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পিরোজপুরে দিনব্যাপী এক মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। তিনি তাঁর বক্তব্যে মাদকের বিস্তার রোধে কঠোর নির্দেশনা প্রদান করে, মাদক কেবল একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের লক্ষ্য হতে হবে কোনো অবস্থাতেই যেন সমাজে মাদকের অস্তিত্ব না থাকে।
ইউএনও মামুনুর রশীদ আরও, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের কাছে কোনো দোকান বা প্রতিষ্ঠান থেকে সিগারেট বা অন্য কোনো মাদকদ্রব্য বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যবসায়ীদের চিহ্নিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেনের সঞ্চালনায় কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মশালায় বক্তারা মাদককে সমাজের জন্য ‘ভয়াবহ ব্যাধি’ হিসেবে চিহ্নিত করে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে এই অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। উক্ত কর্মশালায় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেএইচআর