ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-র অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার জেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ জেলা সার্কেলের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া সহায়তা আংশিক ক্ষতিপূরণ হলেও তাদের ক্ষতি অপূরণীয়। দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সড়ক পারাপারে সতর্কতা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে শিক্ষকদের ভূমিকা রাখার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সড়ক পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা।
পরে প্রতিমন্ত্রী ময়মনসিংহ জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।
এএন