‘দুনিয়ার মজদুর এক হও’-এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের দৌলতদিয়া আঞ্চলিক অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪টায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরী ঘাট এলাকায় অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. ফরিদ দেওয়ান, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবু বক্কার সিদ্দিক, মটর শ্রমিক ইউনিয়ন ১৭২৭-এর সভাপতি মো. শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. কামাল মোল্লা প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ। বিশেষ বক্তা হিসেবে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন এবং সাধারণ সম্পাদক ক্যাপ্টেন অনিসুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশন দৌলতদিয়া ঘাট আঞ্চলিক শাখার সভাপতি মো. সম্রাট আলী মোল্লা।
প্রধান বক্তা নোটারিয়ান নাজির আহম্মেদ বলেন, নৌ-শ্রমিকদের অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সব যৌক্তিক দাবি বাস্তবায়নে সংগঠন ভবিষ্যতেও সোচ্চার থাকবে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থানের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে সংগঠিত হওয়া জরুরি। তিনি নবগঠিত কমিটির নেতাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অনিয়ম থেকে দূরে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে এবং নৌ-শ্রমিকদের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে নৌ-শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এম জি