বানারীপাড়ায় বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১১:৫৭ এএম

বরিশালের বানারীপাড়ায় মধ্যরাতে এক বিএনপি নেতার বসতবাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গত ২০ জুন রাত আনুমানিক বাইশারী ইউনিয়নের গরদ্দার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাধিক মামলার আসামি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে ১ নম্বর আসামি করে ৪০ জন নামধারী এবং আরও ৩০০-৪০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে বানারীপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বাইশারী ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও অটোরিকশা চালক মো. রাসেল (৩৮)।

এজাহারে বলা হয়, ঘটনার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযুক্তদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তার বাড়িতে হামলা চালায় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ককটেলের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বাদীর ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল হক টুকু, সাবেক কাউন্সিলর মো. মনির, জাহিদ সরদারসহ আরও অনেকে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান আসামি মাওলাদ হোসেন সানা এলাকায় অস্ত্রধারী ও প্রভাবশালী হিসেবে পরিচিত। এর আগে তার বিরুদ্ধে অস্ত্র মামলা, সহিংসতা ও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এম জি