মাগুরায় ২৪-এর গ্রাফিতি প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিতরণ

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১২:৫৪ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হলো ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের গণআন্দোলনের প্রেক্ষাপট, তরুণদের ভূমিকা এবং সেই সময়ের ঘটনাপ্রবাহকে শিল্পের মাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক সাশ্বতী শীল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাস, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হোসেন খান কিজিল এবং কলেজ ছাত্রদলের সভাপতি মো. এজাজ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হোসেন খান কিজিল বলেন, ২০২৪ সালের আন্দোলন শুধু একটি রাজনৈতিক ঘটনা ছিল না, এটি ছিল মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে তরুণ সমাজের সাহসী অবস্থানের প্রতিচ্ছবি। সেই ইতিহাসকে গ্রাফিতি ও চিত্রকলার মাধ্যমে ধারণ করা নতুন প্রজন্মের দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, যে জাতি তার সংগ্রামের ইতিহাস মনে রাখে, সে জাতি কখনো পথ হারায় না। শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে একটি সময়ের বাস্তবতা, মানুষের আকাঙ্ক্ষা এবং সংগ্রামের ইতিহাসকে জীবন্ত করে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।

পরে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র বিভাগীয় পর্যায়ের বিজয়ী পাঁচ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বেলা ১১টা ২০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এম জি