বজ্রপাতে মাদরাসার ৩ শিক্ষার্থীসহ ৮ জনের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৯:৩০ পিএম

সারাদেশে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় মাদরাসার তিন শিক্ষার্থী এবং চার কৃষকসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নরসিংদীর মনোহরদী, ঢাকার সাভার, নেত্রকোণার বারহাট্টা এবং জামালপুরের মাদারগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

নরসিংদী: মনোহরদী উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন ছাত্র নিহত এবং আরও একজন আহত হয়েছে। নিহতরা হলো- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, অজু করার সময় বজ্রপাতে ৪ ছাত্র গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার (ঢাকা): সাভারে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, বিকেলে কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুলালসহ অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। স্থানীয়রা গুরুতর আহত দ্বীন ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে জাহাঙ্গীর তালুকদার (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বিকেল ৫টার দিকে উপজেলার বারহাট্টা ইউনিয়নের বড়গাও গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর ওই গ্রামের মৃত আব্দুর রাশিদ তালুকদারের ছেলে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, ফসলি মাঠে গরু চড়িয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদ উজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর