মুক্ত হয়ে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১২:০৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার দিবাগত রাত তিনটার দিকে জাহাজটি নিরাপদে এই প্রণালি পার হয়। বর্তমানে জ্বালানি গ্রহণের জন্য এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

বিএসসির তথ্যমতে, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে এবং কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিনই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ১১ মার্চ পণ্য খালাসের পর জাহাজটি কুয়েত যাওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে বিএসসি সেটিকে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে পাঠায়। সেখান থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিলেও প্রণালি বন্ধ থাকায় জাহাজটি আটকে পড়ে।

পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষণা হলে গত ৮ এপ্রিল জাহাজটি রওনা দিলেও ১০ এপ্রিল ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়। সর্বশেষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতায় জাহাজটি মুক্ত হতে সক্ষম হয়। ২০১৮ সালে নির্মিত এই বাল্ক ক্যারিয়ারটির সব নাবিক ও ক্রু বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন।

জেএইচআর