নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:৪৩ পিএম

নরসিংদী পৌর শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসসহ যেকোনো ধরনের অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছে জেলা ছাত্রদল। পৌর শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ।

বড় বাজারের বেশ কিছু ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে জেলা ছাত্রদলের সভাপতির নেতৃত্বে রাহাত নামের এক কুখ্যাত চাঁদাবাজকে চাপাতিসহ আটক করা হয়েছে। পরে তাকে কোমরে দড়ি বেঁধে বাজারে প্রদক্ষিণ করিয়ে র‍্যাব সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের নির্দেশ, ‘যেখানে চাঁদাবাজ, সেখানেই প্রতিরোধ’ এই স্লোগানকে কার্যকর করতে এ পদক্ষেপ নেওয়া হয়।

বাজারের ব্যবসায়ীরা জানান, বিগত বেশ কিছুদিন যাবৎ সন্ত্রাসী রাহাত ও তার সহযোগীদের অত্যাচারে তাঁরা অতিষ্ঠ ছিলেন। বিশেষ করে ব্যবসায়ী গোলজার হোসেন, সমর সাহা, প্রিয় গোপাল সাহা ও খোকন সাহাসহ সাধারণ ব্যবসায়ীরা নিয়মিত কায়দায় তাদের শিকার হচ্ছিলেন। গত মঙ্গলবার ব্যবসায়ী গুলজার হোসেনকে রাহাত চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় থানায় মামলা হলেও দীর্ঘ দেড় মাসে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

অবশেষে গতকাল সন্ধ্যায় ব্যবসায়ীরা জেলা ছাত্রদলের সভাপতির দ্বারস্থ হলে ঘটনার মাত্র ৪ ঘণ্টার মধ্যে রাহাতকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ব্যবসায়ীরা যাতে আর আতঙ্কে না থাকেন, সেজন্য চাঁদাবাজকে ধরে প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। একই সাথে বড় বাজারকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করে তিনি জানান, চাঁদাবাজি ও অনিয়মের সঙ্গে দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়ায় স্থানীয় পর্যায়ে ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

জেএইচআর