দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়েছে মাগুরা জেলা অনূর্ধ্ব-১৭ দল। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর ফাইনালে জামালপুর জেলাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মাগুরার কিশোর ফুটবলাররা।
গতকাল সোমবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। পরে ম্যাচ গড়ালে টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় মাগুরা। টুর্নামেন্টের শুরু থেকেই গ্রুপ পর্বে জামালপুর, নীলফামারী ও চট্টগ্রামের বিপক্ষে সফলভাবে খেলেছে দলটি। পরে সেমিফাইনালে মৌলভীবাজারকে হারিয়ে তারা ফাইনালে ওঠে। দীর্ঘ ১১ দিনের প্রতিযোগিতা শেষে এই শিরোপার দেখা পেল দলটি।
শিরোপা জয়ের পর গতকাল দুপুর ১টার দিকে বিজয়ী দল মাগুরায় পৌঁছালে জেলাজুড়ে উৎসবের আমেজ নেমে আসে। শহরের পারনান্দয়ালী মহাসড়ক সংলগ্ন বেপারীপাড়া জামে মসজিদের সামনে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছায় খেলোয়াড়দের বরণ করে নেন। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন। জেলার ফুটবলাঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, এই সাফল্য মাগুরার ক্রীড়া ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির যে প্রচেষ্টা চলছিল, তারই ফল এই জাতীয় শিরোপা।
জেএইচআর